রাউজানে মুনিরীয়া অনুসারীরা সন্ত্রাসী হামলা থেকে মুক্তি চায়

ইত্তেফাক রিপোর্ট

চট্টগ্রামের রাউজান উপজেলায় দীর্ঘ চার মাস ধরে মুনিরীয়া তরিক্বতের হাজার হাজার অনুসারী নিজেদের বাড়িতে যেতে পারছেন না। তাদের পরিবারপরিজনও বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। গত ১৭ এপ্রিল রাউজানের মুহাম্মদপুরে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে মুনিরীয়া তরিক্বতের ওপর একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালাচ্ছে। এ পর্যন্ত ৪৩টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদের ৩২টি এবাদতখানা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসী গ্রুপ। পাশাপাশি তরিক্বতের অনুসারী অন্তত ২০০ শিক্ষককে স্কুলে যেতে বারণ এবং চাকরি ছাড়তে বলা হয়েছে।

রাউজানের স্থানীয় সূত্র জানায়, গত ১৭ এপ্রিল রাউজানের ৭ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক রাউজান উপজেলার মুহাম্মদপুর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। একই গ্রামের প্রবীণ আলেম হাফেজ মাওলানা নুরুল আবছারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এর আগে ২৭ মার্চ রাতে একই গ্রামে রিকশাচালক শামসুল আলমের ওপর হামলার ঘটনা ঘটে। এসব ঘটনায় মুনিরীয়া তরিক্বত অনুসারীদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়। পরে একটি সন্ত্রাসী গ্রুপ মুনিরীয়া যুব তবলীগ কমিটির বিভিন্ন কার্যালয় ও স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

মুনিরীয়া যুব তবলীগের এক নেতা বলেছেন, রাউজানের বিভিন্ন স্থানে মুনিরীয়া তরিক্বতের অনুসারীরা নামাজ, সহিহভাবে কোরআন তিলওয়াত শিক্ষাসহ তরিক্বতের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় উদ্যোগে কার্যালয় বা এবাদতখানা স্থাপন করেন। এসব এবাদতখানা সবার জন্য উন্মুক্ত। পবিত্র কোরআন শরিফ, হাদিস, আউলিয়া-কেরামের জীবনীসহ বিভিন্ন ধর্মীয় পুস্তক সংরক্ষিত থাকে। এসব ঘটনায় বিভিন্ন মাধ্যমে থানায় অভিযোগ করার চেষ্টা করলেও তা থানা গ্রহণ করেনি বলে ওই নেতা জানিয়েছেন। বিষয়টি সমাধান করতে প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের কাছে অভিযোগ করা হয়েছে।