২০২৫ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা আয় করেছে। একই সময়ে দলটির ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ টাকা। অর্থাৎ আয় থেকে ব্যয় বেশি হয়েছে ২৩ লাখ ৬২ হাজার ৭৯৫ টাকা।
নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। হিসাব অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে জামায়াতে ইসলামীর আয় কমেছে।
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়।
ইসি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে দলটির হাতে ছিল ১৫ কোটি ৭৩ লাখ টাকা। বছর শেষে আয়-ব্যয়ের হিসাবের পর দলটির হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা। আর ব্যাংকে জমা রয়েছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।
এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে জামায়াতে ইসলামীর আয় ছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা। ওই বছর দলটি ব্যয় দেখিয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা। সে হিসাবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দলটির আয় কমেছে ৫ কোটি ২৮ লাখ ৭৬ হাজার ১৬০ টাকা।
এদিকে, ১৯ জুলাই বিএনপি নির্বাচন কমিশনে তাদের দলীয় আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলটির দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিএনপির আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এতে উদ্বৃত্ত রয়েছে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা।
বিএনপির হিসাব অনুযায়ী, দলটির ব্যাংক হিসাবে জমা রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। এ ছাড়া হাতে নগদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে দলটির মোট তহবিলের পরিমাণ প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা।