বিয়ে থেকে ফেরার পথে ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মা-ছেলে-মেয়েসহ পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের গৌরীপুরের রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়াও গতকাল চার স্থানে সড়ক দুর্ঘটনায় আরো চার জন মারা গেছেন।
ময়মনসিংহ প্রতিনিধি ও গৌরীপুর সংবাদদাতা জানান, নিহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। এরা হলেন, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী শামসুন্নাহার শাহীনা (৩৫), কলেজপড়ুয়া ছেলে নাবিল হোসেন (১৯), মেয়ে রনক জাহান (১৩) ও শ্যালক আশরাফুজ্জআমান (৩৮)। পরিবারের একমাত্র বেঁচে যাওয়া তিন বছরের ছেলে নাহিদ ও প্রাইভেটকার চালক সেলিমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা নরসিংদী জেলার মাধবদিতে বসবাস করতেন। এরা পরিবারসহ ঈদের ছুটিতে এক চাচার বিয়ে উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মধুপুর এসেছিলেন। গতকাল অনুষ্ঠান শেষে তারা মাধবদি নিজ ঠিকানায় ফিরছিলেন। নরসিংদীতে ‘বাংলা টেক্স’ নামে রফিকুলের একটি টেক্সটাইল মিল আছে।
গৌরীপুর থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান, রফিকুল ইসলাম ও তার পরিবারের লোকজন ঈদের ছুটি শেষে নিজের প্রাইভেটকারে মাধবদি ফিরছিলেন। পথে কিশোরগঞ্জগামী এম কে পরিবহনের দ্রুতগতির একটি বাস ওভারটেক করার সময় ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি ছিটকে পড়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রফিকুল ইসলামের স্ত্রী শাহীনা মারা যান।
মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, গতকাল উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের বালুরচর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে হোসনে আরা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার কুর্ষা ইউনিয়নের হাউসপুর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী।
নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা সংবাদদাতা জানান, গতকাল নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া গ্রামে রতন খা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীকে বাস চাপা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, ভূঞাপুর-তারাকান্দি সড়কের তারাই এলাকায় মাইক্রোবাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আ?রো তিনজন। নিহত আব্দুল মান্নান (৬২) সরিষাবাড়ি উপজেলার পিংনা গ্রামের বাসিন্দা। সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, সাতকানিয়ায় সেনেরহাট-আমিরাবাদ সড়কের রঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে হারুন অর রশিদ (২৪) নামে একজন নিহত হয়েছেন। তিনি উপজেলার সোনাকানিয়া বশরত আলী সিকদার পাড়া ৯ নম্বর ওয়ার্ডের গুরা মিয়ার ছেলে। এ সময় সাকিব (১৮), পথচারী আব্দুর রশিদ (৫০) ও এয়াকুব আলী (৬৫) নামে তিনজন আহত হন।
বাসের চতুর্মুখী সংঘর্ষে আহত আরো ২ জনের মৃত্যু
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা জানান, গত বৃহস্পতিবার কামারখন্দে চারটি বাসের চতুর্মুখী সংঘর্ষের ঘটনায় গতকাল আরো দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।