ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, কোনো দেশের সঙ্গে যুদ্ধ হলে ভারত আগে পরমাণু অস্ত্র প্রয়োগ করার পক্ষে নয়। আমরা এখনো সেই নীতির পক্ষে থাকলেও পরিস্থিতি যদি দাবি করে তবে নীতির বদল ঘটাতে পারে দিল্লি। ভবিষ্যতে কী হবে তা নির্ভর তখনকার চাহিদার উপর।’
গতকাল শুক্রবার আর্মি স্কাউটস-মাস্টার প্রতিযোগিতার সমাপ্তি অধিবেশনে রাজস্থানের পোখরান সফরে গিয়ে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের নাম সরাসরি মুখে না আনলেও বিশ্লেষকরা ধারণা করছেন, তার এই মন্তব্যে ইসলাবামাদের প্রতি প্রচ্ছন্ন হুমকি আছে।
ভারতের পারমাণবিক অস্ত্রের দু’টি পরীক্ষাই পোখরানে হয়েছিল ১৯৭৪ ও ১৯৯৮ সালে। পোখরান-২ পরীক্ষাটি হয়েছিল বাজপেয়ীর তত্কালীন বিজেপি সরকারের আমলে। গতকাল রাজনাথ সাংবাদিকদের বলেন, ভারতকে পারমাণবিক অস্ত্রে শক্তিশালী করে তোলা আমাদের দৃঢ় সংকল্প ছিল এবং এখনও আমরা এই মারণাস্ত্র আগে প্রয়োগ না করার পক্ষে।
জম্মু ও কাশ্মিরে ৩৭০ ধারা বাতিল করে তাকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার বিল লোকসভায় পাস হওয়ার পর পাকিস্তান ও ভারতের রাজনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারত বারংবার জানিয়েছে, এটা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এতে অন্য কোনও দেশের হস্তক্ষেপ কাম্য নয়। কিন্তু পাকিস্তান এরই মধ্যে জাতিসংঘের কাছে এই নিয়ে হস্তক্ষেপের জন্য আবেদন জানিয়েছে। গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ ব্যাপারে রুদ্ধদ্বার বৈঠক হয়। ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কে আরও অবনতি হয়েছে। কখনো কখনো দুই দেশের উত্তেজনা যুদ্ধপরিস্থিতির দিকে চলে যায়। -এনডিটিভি