শাহরুখের ‘কিং’ নিয়ে ফাঁস হলো নতুন তথ্য

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। সিনেমাটির ঘোষণা দেওয়ার পর থেকেই এর গল্প, কাস্টিং এবং শাহরুখের চরিত্র নিয়ে চলছে নানা জল্পনা। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি, তবুও বিভিন্ন সূত্রে নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের নির্মাণে তৈরি হচ্ছে হাই-অকটেন অ্যাকশন থ্রিলার ‘কিং’। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। মুক্তির অনেক আগেই এটি বলিউডের সবচেয়ে আলোচিত প্রজেক্টগুলোর একটি হয়ে উঠেছে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, সিনেমার গল্প আবর্তিত হবে একজন মেন্টর ও তার শিষ্যকে ঘিরে। বিপজ্জনক এক অভিযানে তাদের প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার কাহিনি তুলে ধরা হবে এতে। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

‘কিং’-এর সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হলো শাহরুখ খান ও তার মেয়ে সুহানা খানের প্রথম একসঙ্গে অভিনয়। নেটফ্লিক্সের দ্য আর্চিজ দিয়ে অভিনয়ে অভিষেক হলেও এটি হবে সুহানার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া চলচ্চিত্র। ফলে বাবা-মেয়ের এই জুটিকে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

এদিকে এই সিনেমার মাধ্যমে আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। এর আগে ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ ও ‘পাঠান’-এর মতো সফল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। 
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভক্ত তাদের পুনর্মিলন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলে শাহরুখও মজার ছলে জানান, তিনিও সমানভাবে রোমাঞ্চিত।

এছাড়া সিনেমাটির কাস্ট নিয়েও রয়েছে ব্যাপক আলোচনা। বিভিন্ন সূত্রের দাবি, প্রধান খলনায়কের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। পাশাপাশি অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ার্সি, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও অভয় বর্মার মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।

তবে গল্প ও কাস্টিং-সংক্রান্ত এসব তথ্যের কোনোটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা। ফলে সিনেমাটি মুক্তির আগে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। শাহরুখ খান, সুহানা খান ও দীপিকা পাড়ুকোনসহ তারকাবহুল এই সিনেমাটি আগামী বছরের অন্যতম আলোচিত বলিউড চলচ্চিত্র হতে যাচ্ছে বলেই মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।