দীর্ঘ অপেক্ষার অবসান, অক্টোবরে যোগ দেবেন ১৪ হাজার শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর তারা যোগদান করবেন। যোগদানের পর তাদের পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জনের যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। তদন্ত ও বিভিন্ন প্রক্রিয়াগত কারণে নিয়োগ কার্যক্রম বিলম্বিত হলেও আগামী ২৯ অক্টোবর তাদের যোগদান সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যোগদানের পর নবনিযুক্ত শিক্ষকদের পদায়ন সম্পন্ন করে পর্যায়ক্রমে পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে।