জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে কাশ্মিরের চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছে চীন। গতকাল শুক্রবার অনুষ্ঠিত বৈঠকে কাশ্মির পরিস্থিতিকে ‘ভয়াবহ ও বিপজ্জনক’ উল্লেখ করে চীন বলেছে, ভারত সরকারের এই একতরফা সিদ্ধান্ত ‘বৈধ নয়’। বৈঠক শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে চীন।
গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল আনা হয়। জম্মু-কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন ও বিশেষ অধিকার বাতিলে জাতিসংঘে বৈঠকের আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু এতে কাজ না হওয়ায় দেশটি চিঠি দেয় নিরাপত্তা পরিষদে। বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ার কারণে পাকিস্তান ও ভারত তাতে অংশগ্রহণ করেনি। এই ধরনের বৈঠক সমপ্রচার বা সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয় না।
এটা আভ্যন্তরীন
বিষয়:ভারত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পরেই বিশ্ব সংস্থাটিতে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন বলেছেন, ‘এটি ভারতের আভ্যন্তরীন পরিবর্তন। পাকিস্তান বিভ্রান্তি ছড়াচ্ছে। সন্ত্রাসে মদত দিচ্ছে। আমরা ধাপে ধাপে জম্মু কাশ্মীরের নিরাপত্তার কড়াকড়ি শিথিল করছি। ভারত সরকার জম্মু-কাশ্মীরে আর্থসামাজিক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।’
ইমরান-ট্রাম্প
ফোনালাপ
কাশ্মির ইস্যু নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ অধিকার বাতিলের পর এই প্রথম বিষয়টি নিয়ে নিজের উদ্বেগের কথা ট্রাম্পকে জানান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, কাশ্মির পরিস্থিতিতে এই অঞ্চলের অবস্থা নিয়ে দুই নেতা কথা বলেছেন।
শ্রীনগরে চালু হচ্ছে
টেলিফোন, খুলছে স্কুল
ধাপে ধাপে কাশ্মিরে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে এগোচ্ছে ভারতীয় প্রশাসন। সোমবার থেকে সেখানে খুলবে স্কুল। তার আগে আজ শনিবারই শ্রীনগরের একটা বড় অংশে চালু হয়ে যাবে টেলি যোগাযোগ। বেশ কিছু জেলায় সরকারি যানবাহন সচল হয়েছে শুক্রবার থেকে।