নরসিংদীতে বাড়িতে ঢুকে মাথায় গুলি, নিহত ১

নরসিংদীর রায়পুরায় পূর্ব বিরোধের জেরে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে মাথায় ও পায়ে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (২ আগস্ট) সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া ওই গ্রামের মৃত ধন মিয়ার ছেলে।

আহতরা হলেন- মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। তাদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, এলাকার ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিলো। ইতোমধ্যে রায়পুরার স্থানীয় এমপি দুপক্ষের বিরোধ মীমাংসাও করে দিয়েছিলেন। এরপরও তাদের মধ্যে আবারও বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে রোববার সকালে ফরিদ গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোমেনের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় মাথায় ও পায়ে গুলি করে মোমেনকে গুরুতর আহত করা হয়। আহত অবস্থায় মোমেনকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়া নামে একজনকে হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চাঁনপুরে সওদাগরকান্দি এলাকায় দুইপক্ষের মধ্যে বিরোধের মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।