ভারতীয় দলে ডাক পেয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে কাশ্মিরি পেসার

শ্রীলঙ্কা সফরের আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তার পরিবর্তে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জম্মু ও কাশ্মীরের ২৯ বছর বয়সী ডানহাতি পেসার আকিব নবি।

সোমবার (৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জানানো হয়, বুমরাহ এখনও পুরোপুরি চোটমুক্ত নন। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে দ্বিতীয় ওয়ানডে চলাকালে বাঁ হাঁটুতে চোট পান তিনি। সেই চোট থেকে এখনও সেরে না ওঠায় শ্রীলঙ্কাগামী দলের সঙ্গে সফরে যেতে পারেননি।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই লঙ্কান সফরে পেয়েছেন নবি। গত দুই রঞ্জি ট্রফি মৌসুমে তিনি নিয়েছেন মোট ১০৪টি উইকেট। এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই শিকার করেছেন ৬০ উইকেট এবং জম্মু ও কাশ্মিরকে ইতিহাসের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন নবি। সেখানে দুটি প্রথম শ্রেণির ম্যাচে ছয়টি উইকেট শিকার করেন তিনি। এবার জাতীয় দলের হয়ে সুযোগ পেলে নবিই হবেন জম্মু ও কাশ্মিরের প্রথম ক্রিকেটার, যিনি ভারতের হয়ে টেস্ট খেলবেন।