চার বছর পর আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান। মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলে রাখা হয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে থাকবেন এস এম মেহেরব হাসান।
২০২২ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর জাতীয় দলে আর সুযোগ পাননি সাব্বির রহমান। এরপর তিনি শুধু ঘরোয়া ক্রিকেটেই খেলেছেন। দীর্ঘ বিরতির পর এবার বিসিবির এইচপি দলে ডাক পেলেন তিনি।
দলে অলরাউন্ডার হিসেবে আছেন সাব্বির রহমান, রাকিবুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী ও অধিনায়ক এস এম মেহেরব হাসান। ব্যাটিং বিভাগে রয়েছেন জিশান আলম, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, মোহাম্মদ রুবেল ও প্রীতম কুমার।
স্পিন আক্রমণে থাকবেন স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী ও সাব্বির রহমান। পেস বিভাগে রয়েছেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।
মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ এইচপি দল ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
অন্যদিকে, বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে।
বিসিবি জানিয়েছে, মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেওয়া এই এইচপি দলটিই পরবর্তীতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে।
মালয়েশিয়া সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল:
জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আব্দুল গাফ্ফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।