ছাত্রশিবির-ছাত্রদলের সংঘর্ষে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজের পর রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে মাদ্রাসার সামনে এ সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক।

এদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

এ বিষয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষক আলী হাসান জানান, আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদ ওবায়দুল হক আহত হয়েছেন। মাথায় আঘাত লাগায় ফেটে গিয়েছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমান এখানে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আহত হয়ে অন্তত ১৭ জন ঢাকা মেডিকেলে এসেছে। অনেকে চিকিৎসা নিয়ে চলে গেছেন, আবার অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সন্ধ্যায় বলেন, সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তবে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি, তবে সঠিক সংখ্যা এখনও জানা যায়নি।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাদ্রাসা ক্যাম্পাসে এখন থেকে ছাত্রশিবির নেই। তারা বাইরে বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন। অতিরিক্ত পুলিশ রয়েছে।

এদিকে এদিনই দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে। পরে ঢাকা কলেজেও এ দুই ছাত্রসংগঠনের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।