সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে পর্নোগ্রাফি তৈরি এবং ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তা প্রদর্শন করে সামাজিক মর্যাদাহানির অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলী আদালতে তার সাবেক স্ত্রী মামলাটি করেন। পরবর্তীতে ৯ জুলাই মামলাটি এজাহারভুক্ত হয়।
এসআরবি জানিয়েছে, খালিদ পারভেজের নামে পর্নোগ্রাফির একটা মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা ছিল। যে থানা থেকে তার রিকুইজিশন দেওয়া আছে, সেটার ভিত্তিতে তাকে আটক করে দিয়েছি। প্রথমে তাকে হাতিরঝিল থানায় দেওয়া হয়েছে, পরবর্তীতে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হবে।
খালিদ পারভেজ ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য। তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।
