কক্সবাজারে খালে ডুবে প্রাণ গেল রোহিঙ্গা শিশুর

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৫-এ খালে ভেসে গিয়ে আড়াই বছর বয়সী মোহাম্মদ আরশিদ নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বেলা ১টার দিকে ক্যাম্পটির ডি-২ ব্লক সংলগ্ন খালে এ ঘটনা ঘটে। নিহত আরশিদ উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জলিলের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, টানা ভারী বৃষ্টিতে রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি ক্যাম্প সংলগ্ন ওই খালে পানি বৃদ্ধি পায়। ওই খালে পড়ে দুপুরের দিকে শিশুটি নিখোঁজ হয়। খবর পেয়ে পরিবারের সদস্য, স্থানীয় রোহিঙ্গা ও স্বেচ্ছাসেবকেরা তাকে খুঁজতে শুরু করেন।

ক্যাম্পের সিআইসি কমিটির সদস্য আলী জুহার জানান, দুপুরে ক্যাম্প-৫-এর ডি-২ ব্লকের খালে শিশুটি নিখোঁজ হয়। দীর্ঘ সময় খোঁজাখুঁজি পর বুধবার সন্ধ্যায় উখিয়ার বালুখালী কাস্টমস খাল থেকে পরিবারের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ক্যাম্পজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি হামিদ উল্লাহ বলেন, ‘দুপুর থেকে টানা বৃষ্টির কারণে ক্যাম্পের বিভিন্ন এলাকায় হাঁটুপানি জমে যায়। খালেও পানি বেড়ে যায়। ওই সময় খেলতে গিয়ে শিশুটি পানির স্রোতে ভেসে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করেন।’