মাধ্যমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি

 

মীর আন্-নাজমুস সাকিব

 

গতকালের পরের অংশ

 

ইংরেজি অংশে গ্রামার থেকে Right use of Verbs, Tense, Number, Gender, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction, Idioms and Phrases, Synonyms and Antonyms সম্পর্কিত প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। বাজারে প্রচলিত নিয়োগ পরীক্ষার বইগুলো এ অংশের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

 

সাধারণ জ্ঞান অংশে ৪০ নম্বরের মধ্যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি থেকে কমবেশি ২০টি করে প্রশ্ন থাকবে। তবে দৈনন্দিন বিজ্ঞান, ভূগোল ও আইসিটি থেকে ৪-৫টি প্রশ্ন আসলেও আসতে পারে; যদিও সম্ভাবনা খুবই কম। বাংলাদেশ বিষয়াবলি থেকে ভৌগোলিক অবস্থান ও সীমানা, জলবায়ু, আদি ইতিহাস, অভ্যুদয়, কৃষ্টি ও সংস্কৃতি, ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, কৃষিজ সম্পদ, জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি, অর্থনীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এসডিজি, ডেল্টা প্ল্যান, ভিশন ২০২১ ও ২০৪১, জাতীয় আয়-ব্যয়, রাজস্বনীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন, শিল্প ও বাণিজ্য, সংবিধান, রাজনৈতিক ব্যবস্থা, সরকার ব্যবস্থা, জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, খেলাধুলা, চলচ্চিত্র, গণমাধ্যম, জাতীয় দিবস ও সামপ্রতিক বিষয়সমূহ প্রাধান্য পাবে। আন্তর্জাতিক বিষয়াবলি থেকে বৈশ্বিক ইতিহাস, ভূ-রাজনীতি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, গুরুত্বপূর্ণ স্থাপনা, আন্তর্জাতিক দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা ও সামপ্রতিক বিষয়সমূহ প্রাধান্য পাবে। বাজারে প্রচলিত বইগুলোর পাশাপাশি ৭ম, ৮ম ও ৯ম-১০ম শ্রেণির সর্বশেষ হালনাগাদকৃত বোর্ড বইগুলো প্রস্তুতিতে সহায়ক হবে বলে মনে করি। তবে কারেন্ট অ্যাফেয়ার্স/কারেন্ট ওয়ার্ল্ড-এর পরিবর্তে সামপ্রতিক বিষয়াবলির জন্য গুগোল সার্চ করে পাওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপে দেয়া গুরুত্বপূর্ণ সামপ্রতিক বিষয়াবলি সংবলিত সংক্ষিপ্ত আকারের পিডিএফ নোটগুলোর সহায়তা নেয়া স্বল্প সময়ে অধিক প্রস্তুতির জন্য বেশি সহায়ক হবে।

গণিত ও মানসিক দক্ষতা অংশে ৬০ নম্বর বেশ গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে, এ ৬০ নম্বরের মধ্যে ৫০ বা এর অধিক নম্বর অর্জনকারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। চাইলে এ অংশে ৬০ এর মধ্যে ৬০ পাওয়াই সম্ভব। তবে ক্যালকুলেটর ছাড়া সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। পাটিগণিত থেকে পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত ও সমানুপাত, শতকরা, সুদকষা/মুনাফা, লাভ-ক্ষতি, বাস্তব সংখ্যা, ল.সা.গু-গ.সা.গু এবং ভগ্নাংশ সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। বীজগণিত থেকে বিভিন্ন সূত্র ও অনুসিদ্ধান্ত, উত্পাদক, সমীকরণ, অসমতা, সূচক ও লগারিদম, ধারা ও অনুক্রম সংক্রান্ত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। এছাড়াও প্রশ্ন থাকতে পারে জ্যামিতি (রেখা, কোণ, ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য), পরিমিতি (সরল ক্ষেত্র ও ঘনবস্তু সংক্রান্ত সমস্যা ও সূত্র) এবং সম্ভাব্যতা থেকে। তবে গণিতের তুলনায় মানসিক দক্ষতা থেকে প্রশ্ন কম থাকার সম্ভাবনাই বেশি। ১৫-২০টির বেশি প্রশ্ন মানসিক দক্ষতা থেকে হওয়ার কথা নয়। ভাষাগত যৌক্তিক বিচার, চাক্ষুস যৌক্তিক বিচার, গাণিতিক সমস্যা সমাধান, বানান ও ভাষা, যান্ত্রিক দক্ষতা, স্থানাঙ্ক সম্পর্ক, সংখ্যাগত ক্ষমতা, রক্ত ও সময় সংক্রান্ত সম্পর্ক এবং দিক নির্ণয় জাতীয় মানসিক দক্ষতার প্রশ্ন থাকবে। গণিতের জন্য ৭ম, ৮ম ও ৯ম-১০ম শ্রেণির সর্বশেষ হালনাগাদকৃত বোর্ড বইগুলোর পাশাপাশি বাজারে প্রচলিত যে কোনো একটি বই এবং মানসিক দক্ষতার জন্য বিসিএস-এর মানসিক দক্ষতা বিষয়ের যে কোনো একটি বই কার্যকর হবে।

 

গেজেটেড মর্যাদা অর্জনের পর থেকে সরাসরি আর কোনো শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সরকারি মাধ্যমিকে। বিপিএসসিও প্রথমবারের মতো এ পরীক্ষা গ্রহণ করছে। মাঝে তিনটি বিসিএস থেকে নন-ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা নিয়োগ পেয়েছে এ পদে। ৩৭তম বিসিএস থেকেও নন-ক্যাডারে সুপারিশের সম্ভাবনা রয়েছে। সুতরাং এ নিয়োগ পরীক্ষার পর সরকারি মাধ্যমিকে আরেকটি সরাসরি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি জারি হতে কিছুটা সময় লাগবে। বিসিএস নন-ক্যাডার সহকারী শিক্ষকেরা যোগদানের পর থেকেই কার্যত বদলে যেতে শুরু করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো। মেধা, মনন, দক্ষতা, প্রশিক্ষণ ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে নবীন নন-ক্যাডার শিক্ষকেরা আধুনিক ও মানসম্মত মাধ্যমিক শিক্ষা বাস্তবায়নে বদ্ধপরিকর। তাই তাদের হাতকে শক্তিশালী করতে, এ সুযোগকে কাজে লাগিয়ে, উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন চাকরি প্রত্যাশীরা, সেই কামনাই করি। সকলের জন্য শুভ কামনা।

 

মতামত:০১৭১৪৭০৫৭২৭