শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন, প্রশ্ন জামায়াত আমিরের

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার উদ্যোগী হয়ে কেন ফিরিয়ে আনছে না, সে প্রশ্ন তুলেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতে আসার উপযুক্ত। কারণ এই দেশের রাজনীতি তারাই হত্যা করেছে। তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। অসংখ্য মায়ের বুক খালি করেছিল, অসংখ্য মানুষ গুম হয়েছিল।’

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউস মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর এসব কথা বলেন।

শেখ হাসিনা প্রসঙ্গে এক সাংবাদিকের প্রশ্নে জামায়াতের আমির বলেন, বন্দী বিনিময় চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দেরি হচ্ছে কেন? সরকার কেন নিজ দায়িত্বে ফিরিয়ে আনছে না। বরং তিনি (শেখ হাসিনা) কেন বলছেন, ‘“আমি ঢুকে যাব”। এটা সরকার ভালো বলতে পারবে। আপনি (প্রশ্নকারী সাংবাদিক) এই প্রশ্ন সরকারের কোনো মন্ত্রী এলে তাদেরকে বলবেন। আপনার মতো আমাদেরও দাবি সরকারের নিজ দায়িত্বে তাকে আনা উচিত। তার বিরুদ্ধে যে রায় হয়েছে, সেটার বিচারিক প্রক্রিয়া অপেক্ষমাণ, সেগুলো তাকে ফেস করতে দেওয়া উচিত। তবে আমরা এ কথা সব সময় বলে থাকি, বিচার হবে ন্যায্যতার ভিত্তিতে, অন্যায্য কোনো বিচার চাই না।’

তিনি বলেন, ‘গুম হওয়া মানুষের সকলে ফিরে আসেনি এখনও। এই অবস্থায় আওয়ামী লীগ আবার রাজনীতিতে চলে আসবে যেকোনো খোলস বদলিয়ে, এটা জাতির জন্য দুঃখজনক। বরং প্রতি মুহূর্তে তাদের উসকানি অব্যাহত আছে। এরকম একটি দল যারা খুন করল, গুম করল, একটি জেনারেশনের বিরুদ্ধে গেল, তারা আবার কোনো ধরনের অনুশোচনা ছাড়া শুধু দল ভারী করার জন্য আমি তাদেরকে দলে নিব। এটা খুবই অন্যায়, জঘন্য অপরাধ। এটা যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সারা দেশে হত্যা ও সহিংসতার বিষয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারি দলের। এক্ষেত্রে সরকারি দলকেই পদক্ষেপ নিতে হবে। তবে দীর্ঘদিন ধরে দেখেছি ক্ষমতাসীনদের দিক থেকেই ভায়োলেন্স শুরু হয়। রাজনীতিতে আসলে শারীরিক ব্যায়ামের জায়গা নেই। বাংলাদেশের জন্মলগ্ন থেকে আমরা দেখে আসছি রাজনীতিতে মাসল পাওয়ারের এক্সারসাইজ। এটা কোনো আমলে মুক্ত হয়নি, কারও আমলেই মুক্ত হয়নি।’

গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন, ‘এখনও মিডিয়া পুরোপুরি স্বাধীন আপনারা বলতে পারবেন না। সকল সরকার চিৎকার দিয়েছে, মিডিয়া সম্পূর্ণ স্বাধীন, আমি একবারও বিশ্বাস করিনি এখনও বিশ্বাস করি না। তবে স্বাধীন হওয়া প্রয়োজন।’

জামায়াত আমির বলেন, ‘গ্যাস বিদ্যুৎ ইস্যুতে মানুষের জীবন অতিষ্ট হয়ে উঠেছে। স্বয়ং স্পিকারও বলেছেন আমার জায়গায় বিদ্যুৎ নেই। গেল দুই মাস ধরে ভূতুড়ে বিল আসা শুরু হয়েছে। আপনি বিদ্যুৎ দিলেন না, আবার বিল হয়ে গেল দুই গুণ। এটা নিয়ে যারা কথা বলছে, তাদেরকে আবার মন্ত্রণালয় থেকে হুমকিও দেয়া হয়েছে। এমন কেন করেন, এটা তো হওয়া উচিত না।’

জামায়াত আমির এ সময় আরও বলেন, ‘সরকারী দলের পারফরমেন্স জনগণ বিবেচনায় নিবে ৫ বছর, দেশ চালাবে ৫ বছর, বিরোধী দলেরও ৫ বছর। এখন সরকার ব্যর্থ না সফল, তা সরকারি দল বলুক। আর জনগণতো বলছেই।’