আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকদিন আগের সংঘর্ষের জেরে শনিবারও (৮ আগস্ট) সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে মাদরাসা ও আশপাশের এলাকায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনী সূত্র। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি বলেন, বকশীবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক ও গেটের সামনে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। এখানে এর আগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এক গ্রুপ আজ মাদ্রাসায় প্রবেশের ঘোষণা দেওয়ার কারণে সংঘর্ষের শঙ্কা থেকে আগাম প্রস্তুতি হিসেবে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে আলিয়া মাদ্রাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হল দখল নিয়ে দুই ছাত্রসংগঠনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিকেলের দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র হাতে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং মুখোমুখি অবস্থান নিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে সংঘর্ষে জড়ানোর দৃশ্য দেখা গেছে। এসব ভিডিওতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।