ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর পরিস্থিতি এখন শান্ত। বন্ধ করে দেওয়া মিরপুর-১১ নম্বরের মেট্রোরেল স্টেশনও চালু করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) কাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পাশাপাশি শ্রমিকদের লাঠিপেটাও করে। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়।
এখন পরিস্থিতি বেশ শান্ত। তবে এখনো রাস্তায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে।
মিরপুর-১১ নম্বরে উপস্থিত পুলিশের পরিদর্শক মতিয়ার রহমান গণমাধ্যমকে বলেন, ‘এখন পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে আমরা তাদের সরিয়ে দিয়েছি।’
