জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই, বিএনপি হয়তো ভয় পাচ্ছে: নাহিদ

‘সবার আগে বাংলাদেশ বললেও বিএনপি ভারতকে ভয় পাচ্ছে’— এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জুলাই স্মৃতি জাদুঘর থেকে সীমান্ত হত্যা ও ফেলানি হত্যার স্মৃতি সরিয়ে দিয়েছে। তিনি বলেন, ‘সরকারের আপসকামী অবস্থানের সুযোগ নিয়েই দিল্লিতে শেখ হাসিনা রাজনৈতিক বক্তব্য দেয়ার সুযোগ পাচ্ছেন।’

শনিবার (৮ আগস্ট) সকালে জুলাই স্মৃতি জাদুঘরে এনসিপির প্রতিনিধি দলের পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর জাদুঘরের বিভিন্ন প্রদর্শনীতে পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে আবু সাঈদের স্মৃতিসহ জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ কিছু উপাদান সেখানে যথাযথভাবে তুলে ধরা হয়নি।

জুলাই অভ্যুত্থানের পাশাপাশি সীমান্ত হত্যা, ফেলানি হত্যা ও ভারতবিরোধী আন্দোলনের স্মৃতিও জাদুঘরে যথাযথভাবে সংরক্ষণের দাবি জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই আন্দোলনে আবু সাঈদসহ শহিদদের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা এবং ঢাকার বাইরের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা এখনও জাদুঘরে যথেষ্ট গুরুত্ব পায়নি।’

পরিচিত কয়েক মুখকে বারবার সামনে না এনে গণঅভ্যুত্থানের সামগ্রিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান তিনি। জুলাই স্মৃতি জাদুঘরের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক বলেন, ‘প্রয়োজনীয় জনবল না থাকায় প্রতিষ্ঠানটি ঝুঁকির মধ্যে রয়েছে।’

আমলাতান্ত্রিক কাঠামোর পরিবর্তে স্বায়ত্তশাসিত ব্যবস্থাপনার মাধ্যমে জাদুঘর পরিচালনা এবং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জাতীয় ইতিহাসের ধারাবাহিকতা ধরে রেখে জাদুঘরের অব্যবহৃত স্থানগুলো আরও সৃজনশীলভাবে ব্যবহারের আহ্বানও জানান নাহিদ ইসলাম।