ভুল ছবি দেখিয়ে অসত্য সংবাদ রটানোয় পাকিস্তানের সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ পাঠান

অতীতে পাকিস্তানের সংবাদমাধ্যমে অসত্য সংবাদ ছড়ানো হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইরফান পাঠান। তার দাবি, সেই কারণে তাকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। তবে তিনি কোনও উত্তর দেননি কারণ, সকলের মন্তব্যকে তিনি প্রাধান্য দেন না।

একটি অনুষ্ঠানে হাজির হয়ে পাঠান জানিয়েছেন, তাকে নিয়ে ট্রোলিং এবং অসত্য ঘটনা রটানো প্রতি দিনই হয়। তবে পাকিস্তানে যেটা হয়েছে তা মেনে নিতে পারেননি তিনি। তার দাবি, বাবর তাটকে সাক্ষাৎকার দিতে চাননি, এমন সংবাদ রটানো হয়েছে। অন্য কারও জায়গায় তার মুখ বসিয়ে সমাজমাধ্যমে ছবিও পোস্ট করা হয়েছে।

পাঠানের ভাষ্য, পাকিস্তানের সংবাদমাধ্যম এক বার একটা প্রতিবেদনে বলেছিল যে, আমি নাকি বাবর আজ়মের সাক্ষাৎকার নিতে গিয়েছিলাম। ও নাকি সাক্ষাৎকার দিতে চায়নি। বলেছিল, ‘পাঠান তো নিজের দেশকে নিয়েই মজা করে। তাই ওকে সাক্ষাৎকার দেব না’। পুরোপুরি মিথ্যা কথা এটা। কেউ অন্য কারও জায়গায় তার মুখ বসিয়ে দিয়েছে।

ইরফান পাঠান বলেন, ‘আসল ছবিতে যে ছিল সে একজন বাংলাদেশি সাংবাদিক। প্রথম বার মাঠে গিয়েছিল। তাকে বাবর সাক্ষাৎকার দিতে চায়নি। কিন্তু পাকিস্তানের লোকেরা ওই সাংবাদিকের জায়গায় আমার মুখ বসিয়ে দিয়ে বিভিন্ন গল্প রটিয়ে দিয়েছে। লক্ষ লক্ষ লোক দেখেছেন এবং বিশ্বাস করেছেন ওটা আমি। প্রতি দিন এমন ঘটনা ঘটে। আমি উত্তর দিই না। প্রতি দিন আমার বা অন্য খেলোয়াড়ের নামে অসত্য ঘটনা রটানো হয়। যদি সকলকে উত্তর দিতে থাকি তা হলে নিজের জীবনটাই তো আনন্দে কাটাতে পারব না।’

সূত্র: আনন্দবাজার