ইয়েমেন নতুন করে আরেকটা গৃহযুদ্ধের ঝুঁকিতে পড়তে পারে। কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো বিবৃতি জারি করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একাধিক রণাঙ্গনে হুথি অবস্থানগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছে।
সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী, বিগত কয়েক দিনে হুথিদের ক্রমবর্ধমান হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হুথিরা সামরিক অবস্থান ও অস্ত্রের ডিপো লক্ষ্য করে হামলা জোরদার করেছিল, যার জবাবে সেনা মুখপাত্র জানান, আক্রমণ অব্যাহত থাকলে তারা কঠোরতম ব্যবস্থা নেবেন।
হুথিরা মূলত অগ্রিম আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে যাতে সেনাবাহিনী কোনো বড় আকারের সামরিক পদক্ষেপ নিতে না পারে। হুথিদের দাবি, ইয়েমেন সেনাবাহিনী সৌদি আরবের সাথে সমন্বয় করে তাদের নিয়ন্ত্রিত এলাকায় অভিযানের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছিল বলেই তারা এই পাল্টা পদক্ষেপ নিয়েছে।
পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়ে জাতিসংঘ এক বিবৃতি দিয়েছে। যেখানে হুথিদের সাম্প্রতিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা এবং লোহিত সাগরে তেলের ট্যাংকারগুলোতে চালানো আক্রমণের তীব্র নিন্দা জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, এই উত্তেজনা অবিলম্বে প্রশমিত না হলে ইয়েমেনে নতুন করে একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে।
সূত্র: আল জাজিরা