শেরপুর পৌর এলাকার অধিকাংশ সড়ক বেহাল!

শেরপুর প্রতিনিধি

নিয়মিত সংস্কার না করায় এবং ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ রাস্তায় ভারী যানবাহন যাতায়াত করায় শেরপুর পৌরসভার আভ্যন্তরীণ অধিকাংশ রাস্তাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি দুই/তিন বছর আগে সংস্কার করা রাস্তাগুলোও এখন বেহাল। এসব রাস্তায় যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলাও অসম্ভব হয়ে পড়েছে। 

এসব রাস্তার মধ্যে রয়েছে নতুনবাজার রাস্তা, সিংপাড়া, মধ্যশেরী, মাধ্যবপুর, লাহিড়ী কাচারী রোড, গৃদানারায়ণপুর, দুর্গানারায়ণপুর, নাগপাড়া, মীরগঞ্জ, চকপাঠক, নবীনগর, চাপাতলী মধ্যপাড়া, কশবা নামাপাড়া। এসব এলাকার বাসিন্দাদের অভিযোগ, শহরের প্রধান সড়কের সঙ্গে সংযোগরক্ষাকারী রাস্তাগুলোর মারাত্মক দুরাবস্থা। পৌর কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব সংকীর্ণ রাস্তায় সর্বদাই ভারী যানবাহল চলাচল করে থাকে।

মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রবল বর্ষা ও পাহাড়ি ঢলের পানিতে শেরপুর পৌর এলাকার রাস্তা নষ্ট হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব রাস্তার গর্ত ও ভাঙা অংশসমূহ অতি শিগগিরই ব্রিক্সফিলিং করা হবে। তবে এসব রাস্তায় সেপ্টেম্বরের আগে কার্পেটিং করা যাবে না।