‘হ্যালো ডিসি’তে অভিযোগ, মুহূর্তেই পরিষ্কার হলো ময়লার ভাগাড়

কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে কলাতিয়া খাল ও ব্রিজের নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ পরিষ্কার করা হয়েছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপে অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নিয়ে এসব ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

রোববার (১০ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম অভিযোগটি কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে পাঠিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, কলাতিয়া বাজার ও আশপাশের এলাকার গৃহস্থালি বর্জ্য দীর্ঘদিন ধরে খাল ও ব্রিজের নিচে ফেলা হচ্ছিল। এতে সেখানে বড় ধরনের আবর্জনার স্তূপ তৈরি হয়। দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি দূষিত হচ্ছিল পরিবেশ।

কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হচ্ছিল শিক্ষার্থী, শিক্ষক ও পথচারীদের। প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় শিক্ষার্থীদের ময়লার স্তূপ ও দুর্গন্ধের মধ্য দিয়ে চলাচল করতে হতো।

বিষয়টি ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসনের নজরে আসে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে খাল ও ব্রিজের নিচে জমে থাকা ময়লা সরিয়ে জায়গাটি পরিষ্কার করা হয়।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে সেখানে ময়লা ফেলা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগের পর দ্রুত ময়লা অপসারণ করায় তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, নাগরিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ সেবা চালু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর ও উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, নাগরিকদের সমস্যা দ্রুত সমাধানে ‘হ্যালো ডিসি’ কার্যকর ভূমিকা রাখছে। কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লার স্তূপের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নিতে বলা হয় এবং পরে জায়গাটি পরিষ্কার করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলের স্থান পরিষ্কার রাখা সবার দায়িত্ব। যত্রতত্র ময়লা না ফেলতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।