রাজধানীর উত্তরা বিমানবন্দর সড়ক এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে কাভার্ড ভ্যানের গতি রোধ করে পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে এ ঘটনাটি ঘটে।
ছিনতাইয়ের শিকার এই অর্থ উত্তরা ১ নম্বর সেক্টরে অবস্থিত 'ডিএল পেট্রলপাম্প'-এর। প্রতিষ্ঠানটির মালিক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই তাসীন আক্তার হক। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বলেন, ছিনতাইয়ের ঘটনায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম অজ্ঞাতপরিচয় ছয়-সাতজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছেন। মামলায় বলা হয়েছে, ছিনতাই হওয়া ১ কোটি ২১ লাখ টাকা ডিএল পেট্রলপাম্পের।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার সকালে পাম্পের সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ড ভ্যান চালক খোরশেদ টাকা ভর্তি ব্যাগ নিয়ে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয়-সাতজন অজ্ঞাতপরিচয় ছিনতাইকারী তাঁদের কাভার্ড ভ্যানের গতিরোধ করে। সন্ত্রাসীরা পিস্তল উঁচিয়ে ভয় দেখায় এবং আল আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে আবদুল্লাহপুরের দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহত আল আমিনকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ডিএল পেট্রলপাম্পের ব্যবস্থাপক আবদুল করিম বাদী হয়ে বিমানবন্দর থানায় অজ্ঞাতপরিচয় ৬-৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রতিদিন একই সময়ে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার বিষয়টি ছিনতাইকারীরা আগে থেকেই জানতে পারেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক আহমেদ বেগ সন্ধ্যায় বলেন, ছিনতাইয়ে জড়িত একাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।