উত্তর কোরিয়ান ক্লাব ঢাকায়
স্পোর্টস রিপোর্টার
প্রতিপক্ষকে হারাতেই মাঠে নামতে চায় সবাই। কিন্তু উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাবের কোচ ও ইউন সন রাখঢাক না করে বলে দিলেন তিনি আবাহনীর বিপক্ষে ড্র করতে এসেছেন। জানালেন উত্তর কোরিয়ায় বৃষ্টি নেই। বাংলাদেশে প্রচুর বৃষ্টি। বঙ্গবন্ধু স্টেডিয়ামের যে মাঠে আগামী ২১ আগস্ট সন্ধ্যা ৭টায় খেলা হবে, সেই মাঠ ভেজা থাকবে। যদি বৃষ্টি হতেই থাকে। তাছাড়া এখানে প্রচুর গরম। এই গরমেও অভ্যাস নেই তার দলের খেলোয়াড়দের। খেলোয়াড়রা ক্লান্ত। লম্বা ভ্রমণ শেষে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সারতে সময় গেছে। আগেই শুনেছিলেন ঢাকায় ট্র্যাফিক জ্যাম। কিন্তু গতকাল দুপুরে ঢাকার সড়কে উঠে দেখেন দ্রুতগতিতে ছুটছে কোচ, কর্মকর্তা এবং খেলোয়াড়দের বহনকারী বাস। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢুকে কোনোরকমে খেয়েই বিছানায়।
দুই দিন আগেই ঢাকায় এসেছে কোরিয়ান ক্লাব। ইংরেজি ভাষা জানেন শুধু দলের সঙ্গে আসা স্বদেশি দোভাষী। তার মাধ্যমে দল নিয়ে দুই একটা কথা হয় সংবাদ মাধ্যমের।
এএফসি কাপ ফুটবলের ইন্টার জোন সেমিফাইনাল খেলতে ঢাকায় আসা উত্তর কোরিয়ার দলটির নাম এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাব হলেও তারা এটিও বলছে তাদের ক্লাবের নাম ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ স্পোর্টস ক্লাব। এবার নিয়ে তিনবার এএফসি কাপ ফুটবল খেলছে। কোচ ও ইউন সন জানালেন আবাহনী সম্পর্কে ধারণা নেই। ভিডিও দেখার সুযোগ হয়নি। মোহামেডান সম্পর্কে শুনেছেন তিনি। আশির দশকের শেষ ভাগে মালয়েশিয়ায় এশিয়ান ক্লাব কাপ ফুটবলে মোহামেডানের কাছে হেরেছিল এপ্রিল টোয়েন্টি ফাইভ ক্লাব, জানালেন কোচ।
৯১ সালে ঢাকায় দশম এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের বাছাইয়ে মোহামেডানের সঙ্গে পয়েন্ট সমান হওয়ায় গোল গড়ে পরবর্তী রাউন্ডে উঠার সুযোগ পায় এপ্রিল টোয়েন্টি ফাইভ। ২৮ আগস্ট আবাহনীর বিপক্ষে কোরিয়ান ক্লাবের ফিরতি ম্যাচ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে।