গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় শামীমা আক্তার (১৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আল-আরাফ হাসপাতালের পশ্চিম পাশে একটি চায়ের দোকানের সামনের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শামীমা আক্তার কাপাসিয়া উপজেলার রূপবয়টেক গ্রামের মো. আমজাদ হোসেনের মেয়ে। বর্তমানে তার পরিবার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বেড়াবাড়ী এলাকায় বসবাস করছিল।
শামীমার বাবা মো. আমজাদ হোসেন জানান, প্রায় ১০ বছর ধরে তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। গত চার-পাঁচ বছরে তার শারীরিক ও মানসিক অবস্থার আরও অবনতি হয়। তিনি চর্মরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। মানসিক সমস্যার কারণে প্রায়ই বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন রাস্তাঘাটে ঘোরাফেরা করতেন।
তিনি বলেন, ‘তিন দিন আগে শামীমা বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাননি। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পাই।’
পরিবারের ধারণা, দীর্ঘদিনের অসুস্থতার কারণেই শামীমার মৃত্যু হয়ে থাকতে পারে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং মানবিক বিবেচনায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।