চিরচেনা রূপে ফিরছে ঢাকা
বিশেষ প্রতিনিধি
ঈদ উদ্যাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। বাড়ি যেতে যে ভোগান্তি হয়েছিল, ঢাকায় ফেরার পথে তাদেরকে প্রায় একই ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে পরিবার, স্বজন ও বন্ধুদের সঙ্গে কাটিয়ে আসা সুখস্মৃতিগুলোকেই প্রধান্য দিচ্ছেন ঢাকায় ফেরা মানুষ। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে, ছুটি কাটাতে যাওয়া মানুষ ফিরছেন। এক্ষেত্রে তারা বেশি ভোগান্তিতে পড়েছেন বিলম্বে ট্রেন ছাড়া ও ঢাকায় পৌঁছানোর ক্ষেত্রে। এছাড়া, যাত্রীর তুলনায় ট্রেনে আসন কম থাকায় অনেকে দাঁড়িয়ে এসেছেন। অনেককে ট্রেনের ছাদে করে আসতেও দেখা গেছে।
অপরদিকে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। গত কয়েক দিনের তুলনায় গতকাল ঢাকার সড়কের চেহারা ছিল অনেকটাই আলাদা। সকাল থেকেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের ছোটো ছোটো জটলা দেখা গেছে।
ঈদে যারা ঢাকায় ছিলেন, গত কয়েকটা দিন ঘোরাফেরা করেছেন স্বাচ্ছন্দ্যে। ফাঁকা রাস্তায় ছিল না নিত্য যানজটের দুর্ভোগ। দেশের নানা প্রাপ্ত থেকে ঈদ শেষে রাজধানীতে ছুটে আসছেন কর্মজীবী মানুষজন।
অনেকেই বলছেন, গতকাল শনিবার থেকে অনেক বেসরকারি অফিস শুরু হলেও, মূলত আজ রবিবার থেকেই পুরোদমে কর্মব্যস্ত হয়ে পড়বে ঢাকা। এছাড়া, গত কয়েকদিনের চেয়ে ঢাকার প্রধান সড়কে যানবাহন ও মানুষের ভিড় কিছুটা বেড়েছে। এছাড়া রেল, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও রাজধানীমুখী মানুষের সংখ্যা অন্য দিনের তুলনায় চোখে পড়ার মতো। সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঈদের ছুটি কাটিয়ে ফিরছেন অসংখ্য মানুষ। তবে, ঈদের আগে যেমন ঢাকা ছাড়ার তাড়া থাকে, এর বিপরীতে অনেকটা ধীরেসুস্থেই ফিরতে দেখা গেছে সবাইকে। আবার যারা ঈদে ঢাকাতেই ছিলেন, তাদের অনেকেই ঈদ-পরবর্তী ছুটি কাটাতে শহরের বাইরে যাচ্ছেন। বাস টার্মিনালগুলোতেও অনেকটা একই চিত্র।