ইত্তেফাক রিপোর্ট
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের গভীর তদন্তের জন্য কমিশন গঠনের দাবি জানিয়ে বলেছেন, এই দাবি এখন ‘সময়ের দাবি’ হয়ে উঠেছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার পক্ষের সাংবাদিকদের সংগঠন ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি আরো বলেন, একটি স্বাধীন শক্তিশালী তদন্ত কমিশন দ্বারা গভীর তদন্ত ভবিষ্যত্ প্রজন্মকে ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারী এবং যারা এই ষড়যন্ত্রের পটভূমি তৈরি করেছিল তাদের সম্পর্কে অবহিত করা অপরিহার্য। ড. হাছান বঙ্গবন্ধুর হত্যাকারী, পরিকল্পনাকারী এবং ষড়যন্ত্রকারীদের নাম নতুন প্রজন্মের কাছে উন্মোচন করা উচিত্ উল্লেখ করে বলেন, অন্যথায় নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে অন্ধকারেই থাকবে।
বঙ্গবন্ধুর সকল হত্যাকারীদের বিচারের আওতায় আনার জন্য একটি কমিশন গঠনে আলোচকদের সঙ্গে একমত পোষণ করে তথ্যমন্ত্রী বলেন, দেশের মানুষ এই ঘটনার অন্তরালে আসল ইতিহাস জানতে চায়।
জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ এর সভাপতি আবদুস সবুর, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফএইজে’র সাবেক মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া এবং কুদ্দুস আফ্রাদ, ডিইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক প্রমুখ। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী অনুষ্ঠান পরিচালনা করেন।