খাবারের টেবিলে বা ব্যস্ত সময়ে অপ্রয়োজনীয় পণ্যের বিজ্ঞাপন নিয়ে চলে আসে বিরক্তিকর ফোনকল। ফরাসি ভোক্তাদের এই বিরক্তি দূর করতে নতুন আইন চালু করেছে ফ্রান্স। এখন থেকে অনুমতি ছাড়া কোনো কোম্পানি বাণিজ্যিক ফোন করতে পারবে না। আইন ভাঙলে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা।
মঙ্গলবার (১১ আগস্ট) থেকে নতুন আইনটি কার্যকর হয়েছে। ইউএ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে কোনো ব্যাবসায়িক প্রতিষ্ঠান গ্রাহকের অনুমতি ছাড়া ফোন করে পণ্য বা সেবা বিক্রির চেষ্টা করতে পারবে না। সম্মতি দিলেও গ্রাহক যেকোনো সময় তা প্রত্যাহার করতে পারবেন।
নতুন আইনে কোনো ব্যক্তি অবৈধ টেলিমার্কেটিং কল করলে প্রতি কলের জন্য সর্বোচ্চ ৭৫ হাজার ইউরো জরিমানা হতে পারে। কোনো কোম্পানির ক্ষেত্রে এই জরিমানা বেড়ে দাঁড়াতে পারে সর্বোচ্চ ৩ লাখ ৭৫ হাজার ইউরো।
কর্তৃপক্ষের হিসাবে, ফ্রান্সের প্রায় তিন-চতুর্থাংশ মানুষ প্রতি সপ্তাহে অন্তত একটি অনাকাঙ্ক্ষিত বিক্রয় কল পান। দীর্ঘদিনের অভিযোগের পরই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগে ‘নো-কল’ তালিকায় ফোন নম্বর নিবন্ধনের সুযোগ থাকলেও কিছু প্রতিষ্ঠান সেই তালিকা মানত না। ২০২৪ সালে ১১টি ভোক্তা অধিকার সংগঠন এ ধরনের কল পুরোপুরি নিষিদ্ধের দাবি জানায়।
তবে আইনে কিছু ব্যতিক্রম রয়েছে। গ্রাহক নিজে বিপণনমূলক কলের অনুমতি দিলে প্রতিষ্ঠান ফোন করতে পারবে। আবার আগে থেকেই চুক্তিভিত্তিক সম্পর্ক থাকলেও নির্দিষ্ট পরিস্থিতিতে যোগাযোগ করা যাবে।
ফ্রান্সের নতুন আইনে মরক্কোর কল সেন্টার খাতেও উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির কর্মসংস্থানমন্ত্রী ইউনেস সেক্কুরি সতর্ক করেছেন, ৫০ হাজার পর্যন্ত চাকরি ঝুঁকিতে পড়তে পারে।
জার্মানি, নেদারল্যান্ডসসহ আরও কয়েকটি দেশও অনাকাঙ্ক্ষিত বাণিজ্যিক কল ঠেকাতে কঠোর নিয়ম করেছে। তবে ফ্রান্স এবার স্পষ্ট বার্তা দিয়েছে- আগে অনুমতি, তারপর ফোন।