নরসিংদীতে বাস-কার সংঘর্ষে নবদম্পতিসহ চার জন নিহত

গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নবদম্পতিসহ গাড়ির চার আরোহী নিহত হয়েছেন। নিহতদের তিন জন মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রায় একই সময়ে রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে গেলে এক যাত্রী নিহত ও ৩৫ যাত্রী আহত হয়েছেন। চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় এক জন নিহত হয়েছেন। এছাড়া গতকাল শনিবার মাগুরার শ্রীপুর, সাভারের আশুলিয়া, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি জানান, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মধ্যে মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীসহ চার জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছেন। নিহতরা হলেন—প্রাইভেটকারের যাত্রী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), তার স্বামী কার চালক ইমরান হোসেন (৩০), জান্নাতুল ফেরদৌসী (২৫) ও                 আকিবুর রহমান (২৭)। শেষোক্ত দুই জনও মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ে পড়তেন। নিহত সাদিয়া ও ইমরান স্বামী-স্ত্রী। মাত্র সপ্তাহখানেক আগে তাদের বিয়ে হয়েছিল। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচরস্থ মদিনা জুট মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী জানায়, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ঐ শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকারযোগে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। গাড়িটি কারারচরে আসতেই ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি উলেট খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা সাদিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌসী ও আকিবুর রহমান মারা যান। সাদিয়ার স্বামী গাড়ির চালক ইমরান হোসেনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। খবর পেয়ে নরসিংদী ও শিবপুরের দমকল বাহিনীর ৪টি ইউনিট দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। শ্যামলী পরিবহনের আহত চার যাত্রী এবং প্রাইভটেকারের এক আহত যাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের বাসা ঢাকার খিলগাঁও এলাকায় বলে জানিয়েছে পুলিশ। শ্যামলী পরিবহনের বাসটি অন্য একটি বাসকে ওভারটেক করতে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসের যাত্রীরা। এ ব্যাপারে শিবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রংপুরে বাস খাদে পড়ে এক জন নিহত, আহত ৩৫

স্টাফ রিপোর্টার, রংপুর জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রংপুরের হাজিরহাট মন্ত্রণায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এক জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। কান্তি পরিবহনের ঐ বাসটি পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে ঢাকা যাচ্ছিল। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল। আহতদের অনেকেই বলেছেন, চালক গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলেন। তাই এই দুর্ঘটনা ঘটে। আহত ৩৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুইটি দল, রংপুর মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে অংশ নেয়।

শ্রীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা জানান, মাগুরা-শ্রীপুর সড়কের বরিশাট চারা বটতলা নামক স্থানে গতকাল শনিবার ভোর ৬টার দিকে বাসের ধাক্কায় জিয়াউর রহমান শেখ (৩৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহত জিয়াউর রাজবাড়ীর কালুখালী উপজেলার কালুখালী গ্রামের আ. জব্বার শেখের ছেলে।

নিহতের বড়ো ভাই ইউসুফ শেখ জানান, তার ভাই জিয়াউর রহমান একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। শনিবার ভোর ৫টার দিকে কাঠ কেনার জন্য প্রতিবেশী সামছুজ্জামান হিটু খাঁকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে তিনি মাগুরার উদ্দেশে বাড়ি থেকে বের হন। তারা বরিশাট চারা বটতলা নামক স্থানে আসতেই মাগুরা থেকে শৈলকুপাগামী রাসেল পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জিয়াউর রহমানের মৃত্যু ঘটে। অপর আরোহী সামছুজ্জামান হিটু খাঁকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিত্সার জন্য  ঢাকায় পাঠানো হয়। ঘাতক বাস ও এর চালককে পুলিশ আটক করতে পারেনি।

আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার থেকে তুহিন খান জানান, সাভারের আশুলিয়ায় পুষ্প এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের চাপায় আলমগীর হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বড়ো ভাই হযরত আলী। গতকাল শনিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকার আর কে টেক্সটাইলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন আশুলিয়ার শিমুলিয়া ইউপির গোহাইলবাড়ী মেশিনপাড় এলাকার মুসলিম উদ্দিন ব্যাপারীর ছেলে। আহত হযরত আলীকে আশঙ্কাজনক অবস্থায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও ঘাতক বাসটি জব্দ করেছে। তবে এ ঘটনায় বাসের চালক কিংবা হেলপার কাউকে এখনো আটক করা যায়নি।

রূপগঞ্জে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় ইব্রাহিম সরকার (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ১ নম্বর সেক্টরের ৩০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম সরকার রাজধানীর খিলক্ষেত থানার মধ্য কাউলা এলাকার সুজন মিয়ার ছেলে। রূপগঞ্জ থানার উপপরিদর্শক শাহজাহান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নেত্রকোনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত

নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনার বারহাট্টা উপজেলার অতিথপুর নামক স্থানে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সাইফুল অতিথপুর বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বারহাট্টায় আসার পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে সাইফুল গুরুতর জখম হন। দ্রুত বারহাট্টা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১

চট্টগ্রাম অফিস জানায়, গতকাল নগরীর পুরাতন চান্দগাঁও থানার সামনে সড়কে ট্রাকের ধাক্কায় মো. নোমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ছিটকে পড়েন নোমান। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক নোমানকে মৃত ঘোষণা করেন। নিহত নোমান চান্দগাঁও এলাকার লোকমান হোসেনের ছেলে।