বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডমিঙ্গো

গত বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের প্রধান কোচের পদ ফাঁকা। বিশ্বকাপ শেষে চুক্তি শেষ হয় ইংলিশ কোচ স্টিভ রোডসের সঙ্গে। এ সময় অনেক জল্পনাকল্পনা চলে কে হতে যাচ্ছেন বাংলাদেশের নতুন কোচ। অবশেষে নতুন কোচ পেল বাংলাদেশ জাতীয় দল। গতকাল এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আগামী দুই বছরের জন্য জাতীয় দলের প্রধান কোচ হচ্ছেন দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো।

দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সাবেক কোচের সঙ্গে শুক্রবারই চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। আগামী ২১ আগস্ট ঢাকায় এসে জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন ডোমিঙ্গো। তার সঙ্গে শুরুতে বাংলাদেশের চুক্তি দুই বছরের জন্য। তারপর উভয়পক্ষ রাজি থাকলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে বলেও জানানো হয়েছে।

গতকাল প্রধান কোচের নাম ঘোষণা করতে গিয়ে বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশে এ পদে কাজ করার জন্য এ সময়ের অনেক নামিদামি কোচ আবেদন করেছিলেন। তাদেরকে তাই কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। কোচ বাছাই প্রক্রিয়া সম্পর্কে পাপন বলেন, ‘প্রধান কোচের ব্যাপারে আমরা অত্যন্ত আনন্দিত একটা জিনিস দেখে—এখন যারা এভেইলেবেল আছেন, সবাই আমাদের সঙ্গে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তাদের সবাইকে ধন্যবাদ। এ কোচ নির্বাচন করাটা কঠিন ছিল। কারণ অনেক নামিদামি কোচ আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের কোচ হওয়ার জন্য। আমাদের জন্য সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল।’

এ সময়ের অত্যন্ত আকর্ষণীয় কোচ ডোমিঙ্গোর খেলোয়াড় হিসেবে শীর্ষ পর্যায়ে খেলার কোনো অভিজ্ঞতা নেই। তরুণ বয়সেই খেলা ছেড়ে দিয়ে ঘরোয়া ক্রিকেটে কোচিং শুরু করেন। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কোচ হয়ে যান। এ সময় বাংলাদেশেও এসেছিলেন তিনি। এরপর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা-এ দলের কোচিং করান। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা দলের সহকারী কোচ হন; তখন প্রধান কোচ ছিলেন গ্যারি কার্স্টেন। ২০১২ সালে দলটির টি-টোয়েন্টি স্কোয়াডের প্রধান কোচ হন। এরপর গ্যারি কার্স্টেনের বিদায়ের পর ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার সব ফরম্যাটের প্রধান কোচ।