ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের ধনঞ্জয়পুর গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ধনঞ্জয়পুর গ্রামের জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে আজ সকালে ধনঞ্জয়পুর গ্রামে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হন অন্তত ১০ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ঝিনাইদহ সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পরে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে জানতে জাহিদ বিশ্বাস ও শাহাবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামের পরিবেশ এখন শান্ত। এ ঘটনায় কোনো পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।