না’গঞ্জে নেশার টাকা না পেয়ে মাদকসেবীর আত্মহত্যা

বন্দরের কুমারপাড়ায় মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে মাকে পিটিয়ে আহত করে নেশাখোর ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

মৃত দিলীপ মণ্ডলের (৩৫) মা সন্ধ্যা রানী জানান, তার ছেলে নেশাখোর হওয়ায় ৭/৮ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। গত শুক্রবার রাতে নেশার টাকার জন্য দিলীপ তাকে মারধর করে। এ জন্য সে ছেলেকে গালমন্দ করে। শনিবার সকাল ১০টার দিকে তিনি দেখেন তার ছেলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রেকর্ডকারী এসআই আলীম জানান, কুমারপাড়া এলাকার বাড়ির ভাড়াটিয়া বাদল চন্দ্র মণ্ডলের ছেলে দিলিপ মণ্ডল আত্মহত্যা করেছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় নিহত দিলিপ মণ্ডলের বড় ভাই সুকুমার মণ্ডল বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।