আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়: নাছির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির দায়িত্ব থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। তবে ছাত্রদলের সঙ্গে তার সম্পর্ক শেষ হচ্ছে না বলেও উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুপুর ১১ টার দিকে এক পোস্টে দিয়ে তিনি নিজেই একথা জানিয়েছেন।

দীর্ঘ পোস্টে নাছির উদ্দিন নাছির বলেন, ‘আজ দায়িত্ব থেকে বিদায় নিচ্ছি, কিন্তু ছাত্রদল থেকে নয়। পদ থেকে বিদায় নেওয়া যায়; আদর্শ থেকে নয়, ভালোবাসা থেকে নয়, সহযোদ্ধাদের কাছ থেকে নয়।’

পোস্টে তিনি জানান, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তার দায়িত্ব পালনের আজ শেষ দিন। দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পথচলা এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি সহযোদ্ধা, দলীয় নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নাছির বলেন, ওয়ান-ইলেভেনের কঠিন সময়ে তার রাজনৈতিক জীবনের শুরু। এরপর দীর্ঘ সময় ধরে সংগ্রাম, ত্যাগ, নির্যাতন, গুম ও খুনের ভয়াবহ বাস্তবতার মধ্য দিয়ে রাজনীতিতে পথ চলেছেন তিনি। এ সময়ে যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পর জুলাই-আগস্টের আন্দোলনকে তার সময়ের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেন নাছির।

তিনি বলেন, ওই সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় রাখা, তাদের সাহস জোগানো এবং সংগঠনের বিভিন্ন স্তরকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রাখা ছিল বড় চ্যালেঞ্জ। জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

আন্দোলনের সময় নাহিদ, আসিফ, হাসনাত, সারজিস, কাদের, মাহিন, রিফাত রশিদ ও হান্নান মাসুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও পোস্টে উল্লেখ করেন নাছির। তিনি বলেন, সংকটের সময়ে যারা একসঙ্গে কাজ করেছেন, ইতিহাসের বিচারে সেই সহযোগিতার মূল্য অপরিসীম।

জুলাই-আগস্টের আন্দোলনের পর নোয়াখালী-ফেনী অঞ্চলে বন্যার সময় ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। এ সময় খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে ফেনীতে গিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কথা জানান নাছির।

নিজের দায়িত্বকালে ছাত্রদলের প্রায় দুই হাজারের বেশি সাংগঠনিক কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয়; সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সম্মিলিত পরিশ্রমের ফল। তবে কয়েকটি কমিটি সম্পন্ন করতে না পারায় আক্ষেপও প্রকাশ করেন তিনি।

ছাত্রসংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়াকে নিজের দায়িত্বকালের একটি অপূর্ণতা হিসেবে উল্লেখ করেন নাছির। তার মতে, এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ছাত্রদল আরও শক্তিশালী, গ্রহণযোগ্য ও সংগঠিত হতে পারে।

বিদায়ের বার্তায় নাছির নতুন নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, আগামী দিনে যারা ছাত্রদলের নেতৃত্বে আসবেন, তাদের প্রয়োজনে তিনি আগের মতোই পাশে থাকবেন।

নিজের ভুল-ত্রুটির জন্য সহযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘ছাত্রদলের স্বার্থের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা আমার কখনো ছিল না।’

শেষে তিনি বলেন, ‘আজ বিদায় নিচ্ছি একটি দায়িত্ব থেকে। কিন্তু সম্পর্ক থেকে নয়, সংগ্রাম থেকে নয়, আদর্শ থেকে নয়। দেখা হবে অন্য কোনো প্ল্যাটফর্মে, অন্য কোনো দায়িত্বে, অন্য কোনো সময়ে।’

নাছির তার দীর্ঘ রাজনৈতিক জীবনে পরিবার, বন্ধু, সাংবাদিক এবং ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।