ভূয়সী প্রশংসা করে তানজিদ তামিমকে যা বললেন গিলক্রিস্ট

ইতিহাস লিখেছেন তানজিদ হাসান তামিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি। ১৯৭ বলে ১০১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন এই টাইগার ওপেনার। তার ব্যাটে ভর করে ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে ১৫৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। 

তানজিদ তামিম আউট হয়েছেন দ্বিতীয় সেশনের পানি পানের বিরতির পরপর। চা–বিরতির সময় সম্প্রচার চ্যানেলের হয়ে তানজিদের সাক্ষাৎকার নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। সাক্ষাৎকারের আগে এই টাইগার ওপেনারের ভূয়সী প্রশংসা করেন সাবেক এই অজি ক্রিকেটার। 

দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তানজিদ তামিম বলেন, ‘অ্যাডাম গিলক্রিস্ট ছোটবেলা থেকেই আমার পছন্দের একজন খেলোয়াড়। তিনি যখন আমার সাক্ষাৎকার নিচ্ছিলেন, তার আগে আমাকে বলছিলেন যে তিনি আমার ব্যাটিংটা অনেক উপভোগ করেছেন। এটা আমার কাছে অনেক ভালো লাগার বিষয়।’

১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে ড্রেসিংরুমে ফেরার পথে স্টেডিয়ামের দর্শকেরা তানজিদ তামিমকে দাঁড়িয়ে অভিবাদন জানান। এ প্রসঙ্গে টাইগার ওপেনার বলেন, ‘খুব ভালো লাগছিল। এটাই হয়তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, যা আজকে অনুভব করেছি। উইকেটটা নতুন বলে খুব ভালো ব্যাটে আসে। তবে বল যখন পুরোনো হয় তখন কিছুটা কঠিন হয়ে যায়।’

সেঞ্চুরি করলেও নতুন বলে অস্ট্রেলিয়ান বোলারদের খেলাটা একটু কঠিনই মনে হয়েছে তানজিদের কাছে। তিনি বলেন, ‘ওরা এক নম্বর দল, কঠিন সময় তো অবশ্যই দেবে। আমার মনে হয়েছে ওদের বিপক্ষে নতুন বলে খেলাটা একটু কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি কীভাবে শট কমিয়ে স্ট্রাইক রোটেট করা যায়, চেষ্টা করেছি বাজে শট না খেলে কীভাবে জুটি গড়া যায়।’