রাজশাহী মহানগরীর শাহমখদুম এলাকা থেকে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে আরএমপির শাহমখদুম থানা পুলিশ। নিখোঁজের ৭২ ঘণ্টায় উদ্ধার করে পরিবারে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ শুক্রবার (১৪ আগস্ট) তাদের সকালে তাদের উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র মোহাম্মদ গাজীউর রহমান।
পুলিশ জানায়, গত ১০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে শাহমখদুম থানার ডাঙ্গিপাড়ার ‘আল-জামিয়া আস্-সালাফিয়া’ মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়। এ ঘটনায় ১১ আগস্ট শাহমখদুম থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ দুই শিক্ষার্থীর একজনের বয়স ১৩। তার বাড়ি রাজশাহীর বাগমারায়। আরেকজনের বয়স ১২। তার বাড়ি নওগাঁর মান্দায়।
থানায় জিডির পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ধানে অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে পুলিশ জানতে পারে, নিখোঁজ দুই শিক্ষার্থী কক্সবাজারে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে রাজশাহীতে আনা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই শিক্ষার্থী পুলিশকে বলেছে, সমুদ্রসৈকত দেখার উদ্দেশ্যে তারা কক্সবাজারে যায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারে হস্তান্তর করা হয়েছে।
নিখোঁজ শিক্ষার্থীর মধ্যে একজনে অভিভাবক বলেন, আমাদের না জানিয়ে তারা কক্সবাজারে গিয়েছিল, কোনো খোঁজ না পেয়ে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। পরে থানায় জিডি করি। শুক্রবার তাদের পুলিশ উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। এখন স্বস্তি লাগছে।
তিন অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
এদিকে পৃথক অভিযান চালিয়ে তিন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে আরএমপির বিশেষ টিম। শুক্রবার (১৪ আগস্ট) ভোর সোয়া ৪টায় কাশিয়াডাঙ্গার হড়গ্রাম চারখুটার মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো গুড়িপাড়ার মৃত এমদাদুল হকের ছেলে রাজা হোসেন (৪৫); গোদাগাড়ীর গোপালপুরের মৃত আনোয়ার হোসেনের ছেলে ইয়ার লতিফ চঞ্চল (৩০) ও রাজপাড়ার দাশপুকুর বাগানপাড়ার মৃত নুর আলম জনির ছেলে জিতু (২১)। তাদের থেকে অনলাইন জুয়া ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এ মামলা হয়েছে।