‘এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো’, বাংলাদেশকে নিয়ে মুগ্ধ অশ্বিন

ডারউইন টেস্টে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে চালকের আসনে টাইগাররা। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ এমন দাপট দেখাবেন ভাবতে পারেননি ক্রিকেটবিশ্বের অনেকেই। সে তালিকায় আছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ায় টাইগারদের প্রশংসা করেছেন তিনি।

মূল সিরিজে মাঠে নামার আগে প্রস্তুতি খেলেছিল বাংলাদেশ। সেখানে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছিল টাইগাররা। মাত্র কয়েক দিনের ব্যবধানে বাংলাদেশ দলের এমন ঘুরে দাঁড়ানোকে অবিশ্বাস্য বলেছেন রবিচন্দ্রন অশ্বিন।

শুক্রবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতের সাবেক এই স্পিনার লেখেন, 'ডারউইনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা কারও পরিকল্পনাতেই ছিল না। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট থেকে প্রথম টেস্টের প্রথম দুই দিনেই আধিপত্য, এটা তো অবিশ্বাস্য ঘুরে দাঁড়ানো। এই সংস্করণটা যেন আরও অনেক দিন বেঁচে থাকে।' 

প্রথম দিনেই বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দিয়ে দারুণ শুরু এনে দেন। হাসান মাহমুদ একাই নেন ক্যারিয়ারসেরা ৬ উইকেট। এরপর দ্বিতীয় দিনে ব্যাট হাতেও আধিপত্য দেখিয়েছেন টাইগার ব্যাটাররা। 

তানজিদ হাসান তামিমের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের খেলা শেষে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ১৯৭ বলে ১০১ রানের অসাধারণ ইনিংস খেলেছেন এই টাইগার ওপেনার। এতে প্রথম ইনিংসে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে।