চট্টগ্রামের সাতকানিয়ায় এসএসসি পরীক্ষার ফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া এক পরীক্ষার্থীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের চার দিন পর শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানী ঢাকার গোপীবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা।
উদ্ধার হওয়া পরীক্ষার্থী বাবা বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করইয়ানগর এলাকা থেকে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। সে উপজেলার একটি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এবছর প্রকাশিত ফলাফলে সে এক বিষয়ে ফেল করেছে।
পরিবারের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় অভিমান করে মা-বাবাকে না জানিয়ে ঢাকায় চলে যায় ওই পরীক্ষার্থী। সেখানে গিয়ে গোপীবাগ এলাকার এক ব্যবসায়ীর হেফাজতে ছিলেন। তবে বিষয়টি পরিবারের কাউকে জানায়নি সে।
নিখোঁজ হওয়ার পর থেকেই পরীক্ষার্থী ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় চরম উৎকণ্ঠায় ছিলেন তার বাবা-মা। গত চার দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আত্মীয়স্বজনরা তাকে খুঁজছিলেন।
উদ্ধার হওয়া পরীক্ষার্থীর বাবা বলেন, ‘আমরা চার দিন ধরে খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম। আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় পাগলের মতো ছেলেকে খুঁজেছি। ওর মোবাইল ফোন বন্ধ থাকায় কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলাম না। আজ (১৪ আগস্ট) দুপুরের দিকে হঠাৎ মোবাইলটি চালু হলে আত্মীয় স্বজনরা ফোন করে। তখন এক ব্যক্তি ফোনটি রিসিভ করে জানান, ওই পরীক্ষার্থী গোপীবাগে তাদের হেফাজতে আছে।’
তিনি আরও বলেন, পরে আমার ভাইসহ কয়েকজন আত্মীয় ঢাকার গোপীবাগে গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে গুলশানের আত্মীয় স্বজনের বাসায় নিয়ে আসেন। ছেলে আমাদের সঙ্গে আছে—এটাই এখন সবচেয়ে বড় স্বস্তির বিষয়। এসএসসির ফল খারাপ হওয়ায় সে আমাদের না জানিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিল। আমরা চাই, সে এখন স্বাভাবিকভাবে পড়াশোনায় ফিরে আসুক।
পরিবারের সদস্যরা জানান, তাকে ফিরে পাওয়ার পর স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে যাওয়ায় পরিবারটি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিল।
এর আগে ওই পরীক্ষার্থীর নিখোঁজের ঘটনায় তার বাবা সাতকানিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। নিখোঁজের পর পুলিশও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারে কাজ করছিল।