হরমুজ প্রণালি শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হবে: ট্রাম্প

হরমুজ প্রণালিকে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়া মাত্রই মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শনিবার (১৫ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, নিউইয়র্কের গার্ডেন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প এই বিষয়ে জানান, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি।’

ট্রাম্পের এই বক্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘হরমুজ প্রণালি ইরানের ছিল, ইরানেরই আছে এবং চিরকাল ইরানেরই থাকবে।’

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে টানাপোড়েনে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়েছে, যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ৯০ ডলারে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম গ্যালনপ্রতি ৪ ডলারে গিয়ে ঠেকেছে। জ্বালানির এই মূল্যবৃদ্ধির পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প মার্কিন জনগণকে জ্বালানি খরচের ক্ষেত্রে ‘সামান্য একটু বেশি মূল্য’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা