ডেঙ্গুর পর চামড়া নিয়ে খেলা হলো ----------ওয়ার্কার্স পার্টি

ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে, ডেঙ্গু নিয়ে সমস্যাকে অস্বীকার, দুর্নীতি-অব্যবস্থাপনার পর এবার দেশের মানুষ চামড়া নিয়ে সিন্ডিকেটের ষড়যন্ত্র প্রত্যক্ষ করল। দুর্ভাগ্যজনক যে, দেশের চতুর্থ বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই শিল্প যখন এই ধরনের ঘটনার কারণে বিপর্যয়ের মুখোমুখি, তখন সরকারের কর্তৃপক্ষ একে-অপরকে দোষ দিয়েই দায় সারতে চাচ্ছে। সবচেয়ে বড়ো কথা হলো—চামড়া নিয়ে এই খেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লিল্লাহ বোর্ডিংয়ের এতিম শিক্ষার্থী, তরুণ মৌসুমি ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। এক্ষেত্রেও বিশ্ব বাজারে দাম পড়ে যাওয়াকে অজুহাত হিসেবে হাজির করা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, আর্থিক খাতে নৈরাজ্য-বিশৃঙ্খলার পর রপ্তানি খাতে এ ধরনের নৈরাজ্যকর অবস্থা সরকারের উন্নয়ন প্রক্রিয়াকেই বাধাগ্রস্ত করবে। মুষ্টিমেয় কিছু সিন্ডিকেট ও দুর্নীতিবাজের হাতে বাংলাদেশের অর্থনীতি যেভাবে জিম্মি হয়ে পড়ছে তাতে দেশের মানুষ হতাশ ও উদ্বিগ্ন। সরকারকে এসব সিন্ডিকেটের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।