শোক দিবসে বঙ্গবন্ধু ভবনে কাদের সিদ্দিকীকে প্রবেশে বাধার অভিযোগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকীর দিনে বৃহস্পতিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার রাতে দলটির যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীর দিন ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে বঙ্গবন্ধু হত্যার একমাত্র প্রতিবাদকারী বঙ্গবীর কাদের সিদ্দিকীকে। বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে গেলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর সদস্যরা তার গতিরোধ করেন এবং প্রায় আধা ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন। এরপর বঙ্গবীর সেখান থেকে ফিরে আসেন।’

বিবৃতিতে বলা হয়, ‘কাদের সিদ্দিকীকে বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে না দেওয়ায় দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা বঙ্গবীরকে কয়েক বছর আগে বলেছিলেন—ধানমন্ডির বাড়ি শুধু আমাদের নয়, ঐ বাড়ি আপনারও। একথা বলার কারণে বেশ কয়েক বছর ধরেই কাদের সিদ্দিকী ১৫ আগস্ট বিকালে বঙ্গবন্ধু ভবনে যান এবং আসরের নামাজ আদায় করেন। গত বছরও বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করতে গেলে প্রথমে বঙ্গবীরকে ফিরিয়ে দেওয়া হয়; কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে তাকে প্রবেশ করতে দেওয়া হয়।’ হাবিবুর রহমান আরো বলেন, সরকারের এহেন আচরণে প্রতীয়মান হয় যে, সরকারেরই একটা অংশ বঙ্গবন্ধুকে সরকারি বা দলীয় সম্পদ হিসেবে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায়, যা কোনো দেশপ্রেমিক মানুষের কাম্য নয়।