স্টাম্পে লাগলো বল, বেল না পড়ায় বেঁচে গেলেন গ্রিন 

ডারউইন টেস্টের তৃতীয় দিনেও দাপট অব্যাহত রেখেছে বাংলাদেশ। এতে বেশ চাপে পড়ে স্বাগতিক অস্ট্রেলিয়া। সেইসঙ্গে ঘটছে একের পর এক অদ্ভুত সব ঘটনা ঘটছে। সবশেষ এমন কিছু দেখা গেল অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৩১তম ওভারে। 

১০৭ রানে অস্ট্রেলিয়ার চতুর্থ উইকেটের পতন হতো। তাসকিন আহমেদের ওই ওভারের পঞ্চম বলে সৌভাগ্যক্রমে বেঁচে যান ব্যাটিং প্রান্তে থাকা ক্যামেরন গ্রিন। তাসকিনের দারুণ এক ডেলিভারি তার ব্যাটের কানায় লেগে স্টাম্পে আলতো ছোঁয়া দিয়ে যায়। কিন্তু বেল পড়েনি। 

রিপ্লেতেও দেখা গেছে, লেগ স্টাম্পে বল স্পর্শ করেছিল। কিন্তু দুর্ভাগ্য তাসকিনের, বেল পড়েনি। ধারাভাষ্যকক্ষে সাবেক অস্ট্রেলিয়া তারকা অ্যালিসা হিলি বললেন, ‘ট্রাভিস হেড কি সেগুলোতে (বেলস) আঠা লাগিয়ে গিয়েছিল।’

অ্যালিসা হিলির এই মন্তব্যের কারণ প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও হাসান মাহমুদের বলে বোল্ড হয়েছেন হেড। বোল্ড হওয়ার পর হেডের প্রতিক্রিয়া ছিল চোখে পড়ার মতো। একটা ঘোরের মধ্যে যেন চলে গিয়েছিলেন তিনি। আউট হওয়ার পর মাঠ ছাড়ার আগে নিজেই বেল তুলে স্টাম্পের মাথায় লাগিয়েছেন হেড।