দিনের প্রথম বলেই গ্রিনকে বোল্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসানের ৯ উইকেট

অস্ট্রেলিয়ার ইনিংসে প্রতিরোধ গড়ে তোলা ক্যামেরন গ্রিনকে শেষ পর্যন্ত ফিরিয়েছে বাংলাদেশ। গ্রিনের উইকেট পতনের পর ২৭৮ রানে ৯ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এতে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ৫০ রানে।

চতুর্থ দিনের শুরুতেই বাংলাদেশকে বড় সাফল্য এনে দিয়েছেন হাসান মাহমুদ। দিনের প্রথম বলেই অফস্টাম্প বরাবর ডেলিভারিতে বোল্ড করেন সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনকে। ২০১ বল মোকাবিলায় ৪টি চার ও একটি ছক্কায় ১০৪ রান করেন গ্রিন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছেন আরও ৩ উইকেট। সব মিলিয়ে ম্যাচে তার শিকার এখন ৯ উইকেট।

তাসকিন আহমেদের বলে ৯৫ রানে ক্যাচ ছাড়ার সুযোগ পেয়ে বেঁচে যান ক্যামেরন গ্রিন। দ্বিতীয় সেশনের শুরুতে পাওয়া সেই জীবন কাজে লাগিয়ে দ্রুত শতক পূর্ণ করেন অজি ব্যাটার। যদিও সেঞ্চুরির পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি গ্রিন, ফলে বড় ইনিংস গড়ার সুযোগও হাতছাড়া হয়।

এর আগে লাঞ্চ থেকে ফিরে তৃতীয় ওভারে বাংলাদেশ অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন ঘটায়। ৮৭তম ওভারের পঞ্চম বলে মিচেল স্টার্ককে লিটন দাসের ক্যাচ বানান তাসকিন আহমেদ। 

৩৪ বলে দুই চারে ১৮ রান করেন স্টার্ক। ক্যামেরন গ্রিনের সঙ্গে তার জুটি ছিল ৪৩ রানের। ২৫০ রানে ৮ উইকেট নেই অস্ট্রেলিয়ার। ২২ রানের লিড তাদের।

চতুর্থ দিনেও প্রথম সেশন নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। এই সেশনে অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়েছেন ক্যামেরন গ্রিন। তার হাফ সেঞ্চুরির ইনিংসে অস্ট্রেলিয়া ১৫ রানের লিড নিয়ে লাঞ্চে যায়। গ্রিন ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট রান ৮৫ ও মিচেল স্টার্ক ১৪ রানে অপরাজিত ছিলেন।

মিরাজ প্রথম দেড় ঘণ্টায় স্পিন জাদু দেখান। ক্যামেরন গ্রিন একপ্রান্ত সামলে রাখলেও একে একে অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফেরান তিনি। বাংলাদেশি অফস্পিনারের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু গ্রিন ও স্টার্কের জুটিতে দ্বিতীয় ইনিংস লিড নেয় স্বাগতিকরা। রোববার প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৪৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। দিনের সপ্তম ওভারেই পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে ক্যামেরন গ্রিনের সঙ্গে তার ৫৬ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৭২ বলে ৩০ রান করেন ক্যারি।

১৩ মাস পর এবং ১৩ ইনিংস পর প্রথম হাফ সেঞ্চুরি করা গ্রিনকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি বিউ ওয়েবস্টার। মেহেদী হাসান মিরাজের বলে ৫ রানে বোল্ড হন তিনি। এরপর ১০৯ বলে ২টি চারে ফিফটি করা গ্রিনের সঙ্গে ব্যাট করতে নামেন অধিনায়ক প্যাট কামিন্স। তবে মাত্র ৮ রান করে মিরাজের বলে সাদমান ইসলামের হাতে ক্যাচ দেন তিনি। নতুন দিনে এটি মিরাজের তৃতীয় এবং ইনিংসে চতুর্থ উইকেট। ২০৭ রানে সপ্তম উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল স্বাগতিকরা।