রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর বিমান। রোববার ভোরে ইউক্রেন সীমান্তসংলগ্ন এলাকায় ন্যাটোর এয়ার-প্যাট্রোল মিশনে থাকা একটি স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে। এটি চলতি বছরে রোমানিয়ার আকাশসীমায় ভূপাতিত হওয়া চতুর্থ ড্রোন। খবর রয়টার্সের।
ঘটনাটি ইউক্রেন যুদ্ধের প্রভাব ন্যাটোভুক্ত দেশগুলোর আকাশসীমায় ছড়িয়ে পড়ার ঝুঁকিকে আবারও সামনে এনেছে। রোমানিয়া ইউক্রেনের সঙ্গে দীর্ঘ সীমান্ত ভাগ করে নেওয়ায় রুশ ড্রোনের অনুপ্রবেশের ঘটনা দেশটিতে বারবার ঘটছে।
এর আগে পোল্যান্ড ও বাল্টিক অঞ্চলেও একই ধরনের ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। গত শুক্রবার লাটভিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করে ন্যাটো। এর আগে জুনেও লাটভিয়ায় অনুপ্রবেশকারী একটি ড্রোন ভূপাতিত করেছিল ন্যাটো বাহিনী।
এদিকে, রোববার রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, নতুন করে ড্রোন ভূপাতিতের ঘটনাটি ঘটেছে ইউক্রেন ও মলদোভার সীমান্তসংলগ্ন এলাকায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ড্রোনটি মলদোভার দিক থেকে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করেছিল। পরে ন্যাটোর বিমান টহল মিশনে থাকা একটি স্প্যানিশ এফ-১৮ যুদ্ধবিমান সেটিকে ভূপাতিত করে।
ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে রোমানিয়ায় স্পেনের সেনাবাহিনী নিযুক্ত আছে। রোববার তাদের একটি এফ-১৮ যুদ্ধবিমান থেকে ড্রোনটি ধ্বংস করা হয়। এর ধ্বংসাবশেষ ইউক্রেন সীমান্তের কাছে গালাতি অঞ্চলের একটি জনমানবহীন এলাকায় গিয়ে পড়ে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ঝুঁকিতে পড়া দেশগুলোর মধ্যে রোমানিয়ার পূর্বাঞ্চলীয় সীমান্ত অন্যতম। ২০২৩ সালে দানিউব নদীর তীরে ইউক্রেনের বন্দরগুলো লক্ষ্য করে রাশিয়ার ধারাবাহিক ড্রোন হামলার সময় ধ্বংস হওয়া ড্রোনের ধ্বংসাবশেষ রোমানিয়ার ভূখণ্ডেও পাওয়া যায়। বিশেষ করে ইউক্রেনের ইজমাইল ও রেনি বন্দরে হামলার সময় সীমান্তবর্তী রোমানিয়ার বিভিন্ন এলাকায় এসব ধ্বংসাবশেষ পড়ার ঘটনা ঘটে।