২০০৩ সালে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় আমন্ত্রণ পেতে দীর্ঘ ২৩ বছর অপেক্ষা করতে হলো টাইগারদের। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এতে এশিয়ার দলগুলোর মধ্যে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। পরাশক্তি অজিদের বিপক্ষে প্রথম জয় পেতে পাকিস্তানের লেগেছিল ৭ টেস্ট এবং ভারতের ১২ টেস্ট। আর ১৫ বার চেষ্টা করেও এখনও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি শ্রীলঙ্কা।
এছাড়া ৩১ বছর পর প্রথমবার অস্ট্রেলিয়া ঘরের মাঠে ভারত ছাড়া অন্য কোনো এশীয় দলের কাছে টেস্ট হারলো। সর্বশেষ ১৯৯৫ সালে এমন হারের তেঁতো স্বাদ পেয়েছিল পাকিস্তানের কাছে। ওই বছরের পর পাকিস্তান আর টেস্ট জেতেনি অজি ভূমিতে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথমটি এসেছিল ২০১৭ সালে মিরপুরে। যেখানে তারা ঘরের মাঠের সুবিধা পুরোপুরি নিয়েছিল। এবার অস্ট্রেলিয়ার মাটিতেই দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে নাজমুল হোসেন শান্তর দল।