রাজধানীতে দু’টি বোমা সাদৃশ্য বস্তুসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর ডেমরা থানার পশ্চিম বক্সনগর এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও এটিওর যৌথ অভিযানে বোমা সাদৃশ্য বস্তুসহ জুয়েল ভুঞা (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আরিফ চৌধুরী (২৪) নামে আরও এক সন্দেহভাজন যুবককে আটক করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পশ্চিম বক্সনগরের নিঝুমবাগ এলাকার গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার জুয়েল ভুঞা নরসিংদী জেলার শিবপুর থানার কাজীরচর গ্রামের আবুল ভুঞার ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক আরিফ চৌধুরী নিঝুমবাগ এলাকার আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি এবং এটিওর (অ্যান্টি টেরোরিজম অফিসার) একটি বিশেষ দল ওই এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে মো. জুয়েলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে কালো কস্টিপ দিয়ে মোড়ানো অনুমান ৬ ইঞ্চি লম্বা ২টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

বোমা সাদৃশ্য বস্তু উদ্ধারের খবর পেয়ে ডেমরা থানার অফিসার ও অতিরিক্ত পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে উদ্ধার করা আলামতসহ গ্রেপ্তার ও আটকদের ডেমরা থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

ডেমরা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।