৭ বছরের সাজা এড়াতে ৩০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জে মো. ফারুক মোল্লা (৬৫) নামের ৭ বছরের একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকালে বাকেরগঞ্জ থানার এএসআই ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন।

পুলিশ জানায়, ১৯৯৪ সালে দায়ের করা একটি ডাকাতি মামলায় ১৯৯৫ সালে আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। এরপর থেকেই গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ফারুক মোল্লা।

বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, দীর্ঘ ৩০ বছর আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল দীর্ঘ দিন পলাতক থাকার পর আসামী ফারুককে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে জেলে প্রেরণ করা হবে।