স্কুলে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ

দিনাজপুরের ফুলবাড়ীতে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ফারহানা সাদিকা শিফা (৯) নামের তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা সাদিকা শিফা ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইস্তামুল হক ও রিক্তা বানু দম্পতির মেয়ে। সে স্থানীয় নর্থ পয়েন্ট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মা রিক্তা বানুও একই স্কুলে আয়া পদে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫) তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফারহানা সাদিকা শিফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সকাল সোয়া ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী ফুলবাড়ী-দিনাজপুর-বগুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছানের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করে নেন।

ফুলবাড়ী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫) জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।