কালিয়ায় যুবলীগ নেতাসহ দুইজনকে গুলি করে হত্যা

স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গুলি করে নড়াইলের কালিয়ার কলাবাড়িয়া ইউনিয়নের একটি ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদকসহ দুজনকে হত্যা করেছে। প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত হয়েছেন আরো পাঁচজন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নড়াগাতি থানার কান্দুরী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতদের পরিবারসহ এলাকাজুড়ে চলছে শোকের মাতম। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওই গ্রামটিতে দীর্ঘদিন ধরে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ অলিয়ার রহমান মোল্লা ও বর্তমান ইউপি সদস্য ইলিয়াছ মোল্লার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে লড়াই চলে আসছিল। ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে অলিয়ার গ্রুপের সমর্থক কান্দুরী গ্রামের সাদেক মোল্লার ছেলে ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমান আলী মোল্লা (৩৮) ও ফহম মোল্লার ছেলে রুকু মোল্লাসহ (৩৫) ৭/৮ জন তাদের নিজস্ব জমির ধান কাটতে রুকুর বাড়ির পাশের একটি জমিতে গেলে ইলিয়াছ গ্রুপের শতাধিক লোক দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদেরকে অতর্কিতভাবে ঘিরে ফেলে এবং শর্ট গান দিয়ে গুলি বর্ষণ করতে শুরু করে। প্রতিপক্ষের ছোড়া গুলিতে ইমান আলীসহ তার সঙ্গী একই গ্রামের আজিজুল মোল্লা (২৮), বিল্লাল মোল্লা (৩২), তিতু মোল্লা (৩৫), নান্নু মোল্লা (৪০) ও জসিম মোল্লা (৩৭) আহত হন। এসময় অন্যরা পালিয়ে জীবন রক্ষা করতে পারলেও ইমান আলী ও রুকু হামলাকারীদের হাতে ধরা পড়ে। হামলাকারীরা তাদেরকে গুলি করে ও কুপিয়ে ফেলে রেখে যায়। ঘটনাস্থলেই ইমান আলী নিহত হন এবং রুকুকে মুমূর্ষু অবস্থায় কালিয়া হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। রুকুর স্ত্রী আফরোজা বেগম বলেন, তার স্বামী দৌড়ে বাড়িতে পালালেও খুনিরা তাকে ছাড়েনি। স্বামীর জীবন বাঁচানোর চেষ্টা করতে গিয়ে তিনিও আহত হয়েছেন। অলিয়ার মোল্লার ছেলে স্বজল মোল্লাও একই ভাষায় অভিযোগ করেন।

ঘটনাস্থল থেকে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সরফুদ্দিন হত্যাকাণ্ডটিকে নিষ্ঠুরতম অভিহিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। বাকীদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।