দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৭৪ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এর মধ্যে বরিশাল বিভাগে ৯৮, চট্টগ্রাম বিভাগে ৯৪, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৫১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬, খুলনা বিভাগে ১৩৫, ময়মনসিংহ বিভাগে ৬১, রাজশাহী বিভাগে ৪৬, রংপুর বিভাগে ২৪ এবং সিলেট বিভাগে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ হাজার ৬০১ জন। এর মধ্যে আগস্ট মাসেই ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯১ জন। জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত ৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আগস্টে মারা গেছেন ২০ জন। এছাড়া জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে।
চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।