দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন।
সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯০০ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, খুলনা বিভাগে ২৯৪ জন, বরিশাল বিভাগে ১৮৩ জন, রাজশাহী বিভাগে ১৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯৫ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ২২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন। এ সময়ে মশাবাহিত এ রোগে প্রাণ হারিয়েছেন ৪৩৩ জন।
